সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মধ্য চরকাঁকড়া এলাকায় গতকাল সোমবার সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জাফর (৩৫), আবু জাফর (৩৫) ও বাবুল মিয়া (৩৭)।
ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের লিডার চান্দু মিয়া সরকার বলেন, গতকাল সকাল ১০টার দিকে তিন শ্রমিক মধ্য চরকাঁকড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য ঢাকনা খুলে ভেতরে ঢোকেন। ট্যাংকের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এ সময় ট্যাংকের বাইরে থাকা লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন শ্রমিককে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।