সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে কাঠ-বাঁশ ওঠাতে গিয়ে মহসিন মিয়া (৪০) ও মাসুম মিয়া (২৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের চাচাতো ভাই জুয়েল (২৮) আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসৌম এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, গত ঈদের আগে মহসিন মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। রোববার দুপুরে ওই ট্যাংকের ভেতরে পানিতে নেমে সাটারিংয়ের কাঠ–বাঁশ খুলতে গিয়ে জুয়েল আটকে পড়েন। এ সময় জুয়েলকে তুলতে ট্যাংকের ভেতর নামলে মহসিন মিয়া ও মাসুম মিয়াও আটকা পড়েন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাঁদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহত মহসিন ও মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তাঁদের অবস্থা আরও খারাপ হলে টঙ্গীতে একটি হাসপাতালে নিয়ে গেলে মহসিন ও মাসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জুয়েল বর্তমানে টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহমেদ কবির চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।