সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার হাসলি গ্রামে গতকাল সোমবার বিকেলে একটি সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
এই দুই শ্রমিক হলেন উপজেলার বালিরটেক গ্রামের সামুদ্দিনের ছেলে শাহীন মিয়া (২২) ও একই উপজেলার শানবান্ধা গ্রামের অজিত চন্দ্র সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৩০)।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাসলি গ্রামের নাছির উদ্দিনের বাড়িতে প্রায় দুই সপ্তাহ আগে নতুন একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। গতকাল বিকেল চারটার দিকে গোপাল ওই ট্যাংকের সেন্টারিংয়ে ব্যবহৃত কাঠ ও বাঁশ খোলার জন্য ভেতরে নামেন। বেশ কিছু সময় অতিক্রান্ত হলেও তিনি বের না হলে শাহীন ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে তাঁরও কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের খবর দেন। বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোপাল ও শাহীনের মৃতদেহ উদ্ধার করেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, সেপটিক ট্যাংকটির গভীরতা প্রায় ১৫ ফুট। দীর্ঘদিন আবদ্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে।