সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণকাজে ব্যবহার করা বাঁশ খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

আজ শনিবার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার সাঈদ শিকদার নামের এক ব্যক্তির নির্মাণাধীন চারতলা ভবনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল গ্রামের রহিচ ফকিরের ছেলে রাজমিস্ত্রির সহকারী রিয়াজ ফকির (২২) ও সাঈদ শিকদারের বাড়ির কর্মচারী হোসেন মণ্ডল পাড়ার মাইন উদ্দিন শেখের ছেলে হারুন শেখ (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাঈদ শিকদার গ্রামের বাড়িতে ওই চারতলা ভবনটি নির্মাণ করছেন। ভবনের নিচতলায় (মাটির নিচে) একটি ১০ ফুট প্রশস্ত ও ১২ ফুট লম্বা সেপটিক ট্যাংক বসানো হয়েছে। মাসখানেক আগে সেপটিক ট্যাংকসহ ভবনের নিচ তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। আজ রাজমিস্ত্রি চান মিয়া তাঁর সহকারী হিসেবে রিয়াজ ফকিরকে কাজে নিয়ে আসেন। বেলা আড়াইটার দিকে ওই বাড়ির কর্মচারী হারুন শেখ সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে সাটারিংয়ের বাঁশ খুলতে প্রথমে নিচে নামেন। কিছুক্ষণ পর সিদ্দিক ব্যাপারী নামের আরেক রাজমিস্ত্রি ট্যাংকে নামার চেষ্টা করেন। এ সময় ‘দম বন্ধ হয়ে মারা গেলাম’ বলে চিৎকার করলে রিয়াজ ফকির রশি দিয়ে দ্রুত সিদ্দিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় হারুনের কোনো সাড়া না পেয়ে রিয়াজ আবার ট্যাংকের নিচে নামেন। কিন্তু কিছুক্ষণ পর দুজনের কোনো সাড়া না পেয়ে রাজমিস্ত্রিরা দেখেন তাঁরা নিচে নিস্তেজ হয়ে পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করতে দেয়াল কাটা শুরু করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি ট্যাংক থেকে উদ্ধার করেন। এ সময় হারুনের ডান চোয়ালে একটা গভীর কাটা ক্ষত থেকে রক্ত পড়ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।