সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ওই দুই শ্রমিক হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম ওই দুই শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও বোয়ালমারী দমকল বাহিনী সূত্রে জানা যায়, গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। তাঁর সাড়া না পেয়ে অপর শ্রমিকও সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। দুই শ্রমিকের সাড়া না পেয়ে ওই বাড়ির লোকজন বোয়ালমারী দমকল বাহিনীকে খবর দেন।
বোয়লামরী দমকল বাহিনীর লিডার ওহেদুজ্জামান বলেন, ‘আমরা ওই দুই শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।’
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মারনুশ প্রথম আলোকে বলেন, এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।