সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু, মামলা
বগুড়ার শেরপুরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সীমাবাড়ী বাজার এলাকায় রিপন সাহার নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) উপজেলার ররোয়া গ্রামের আনোয়ার শেখ (৪৫) ও স্থানীয় বাজারের দোকানশ্রমিক বেটখৈর গ্রামের সোলায়মান আলী (৫৫)। এ ঘটনায় অসুস্থ আরেক নির্মাণশ্রমিক ররোয়া গ্রামের মো. বদিউদজ্জামানের ছেলে সোহেল রানাকে (২৫) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পাশের রায়গঞ্জ ও শেরপুর থানার ফায়ার সার্ভিসের সদস্যরা ওই সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকা তিনজনকে উদ্ধার করেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনোয়ার হোসেন ও সোলায়মান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সেপটিক ট্যাংকের গভীরতা প্রায় ১৫ ফুট।
স্থানীয় তিনজন বলেন, উপজেলার সীমাবাড়ী বাজার-সংলগ্ন ওই বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। গতকাল সকালে এসে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে প্রথমে ভেতরে নামেন রাজমিস্ত্রি আনোয়ার হোসেন। এ সময় ট্যাংকের ভেতর থেকে রাজমিস্ত্রির চিৎকার শুনে উদ্ধারে এগিয়ে যান নির্মাণশ্রমিক সোহেল রানা ও ওই বাজারের দোকানশ্রমিক সোলায়মান আলী। তাঁরা সবাই ট্যাংকটির ভেতরে আটকে থাকলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানায়।
এ প্রসঙ্গে ওই বাড়ির মালিক রিপন সাহা গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, তিনি চাকরির কারণে এদিন সকালে ধুনটে চলে যান। তাঁর নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের এই মৃত্যুর ঘটনা তিনি জানেন না।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল বিকেলে নিহত সোলায়মান আলীর ছেলে মো. লাল চান বাদী হয়ে ওই নির্মাণাধীন বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।