সেপটিক ট্যাংকে নেমে ফের দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর গ্রামের একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে৷ গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছার সিমলা গ্রামের আবু হানিফ (৩২) ও জামালপুরের মেলান্দহের ভাড়াডোবা গ্রামের কিসমত আলী (৩৫)। এর আগে গত ১ এপ্রিল সাভারের রাজাসন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাদশা মিয়া (২০) নামের আরেক শ্রমিক মারা যান।
পুলিশ ও এলাকাবাসী বলেন, নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে পাঁচ-ছয়জন পরিচ্ছন্নতাকর্মী গতকাল ভোর চারটা থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁরা প্রথমে যন্ত্রের সাহায্যে কাজ করেন। পাঁচটার দিকে কিসমত আলী ৪০-৫০ ফুট গভীর সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এর কয়েক মিনিট পর থেকে তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে আবু হানিফও ভেতরে যান। তাঁরও সাড়া না পাওয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর তাঁরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যান। পরে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সেপটিক ট্যাংকে কেন মৃত্যু হয়: ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, ট্যাংকের ভেতরে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে কার্বন-মনোক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। কোনো মানুষ বা প্রাণী এ ধরনের ট্যাংকে নামলেই শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ওই গ্যাস শরীরে প্রবেশ করে৷ এরপর গ্যাসের প্রভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
যেসব সাবধানতা প্রয়োজন: স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, সেপটিক ট্যাংকের এক কোণে ছিদ্র করে অব্যশ্যই পাইপ লাগাতে হবে, যাতে গ্যাস বেরিয়ে যেতে পারে৷ ট্যাংক পরিষ্কার করার আগে ঢাকনা খুলে ভেতরে জ্বলন্ত লন্ঠন প্রবেশ করাতে হবে। বাতি নিভে গেলে বুঝতে হবে ট্যাংকের ভেতরে কার্বন-মনোক্সাইড ও অ্যামোনিয়া গ্যাস জমা হয়েছে। এ ক্ষেত্রে যন্ত্রের সাহায্যে ময়লা পরিষ্কার করতে হবে। এর পরও ট্যাংকের ভেতরে ঢুকতে হলে গাছপালার ডাল বা পাখার সাহায্যে বাতাস দিতে হবে। এরপর লন্ঠন প্রবেশ করে দেখে নিতে হবে বাতি নিভে যায় কি না। বাতি না নিভলে ভেতরে প্রবেশ করলে সমস্যা হবে না।