সেপটিক ট্যাংকে নেমে ১০ মাসে ৩১ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের বিভিন্ন স্থানে সেপটিক ট্যাংকে নেমে ৩১ জন শ্রমিক মারা গেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শ্রমিক অধিকারবিষয়ক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এ তথ্য দিয়েছে।
গবেষক, প্রকৌশলী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বদ্ধ ট্যাংকে যে বিষাক্ত গ্যাস জমে থাকে—এ ধারণা না থাকা, ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত না করে এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না নিয়ে নামার জন্যই এসব দুর্ঘটনা ঘটছে।
গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে সেপটিক ট্যাংকে দুর্ঘটনায় নোয়াখালীতে তিনজন, চট্টগ্রামে তিনজন ও চুয়াডাঙ্গায় চারজন মারা গেছেন। এর মধ্যে নয়জনই শ্রমিক। বিলসের হিসাব অনুযায়ী, গত ১০ মাসে এমন দুর্ঘটনায় ৩১ জন শ্রমিকসহ মারা গেছেন ৩৬ জন। শ্রমিক মৃত্যুর দিক থেকে গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ। ২০১৩ সালে দেশে সেপটিক ট্যাংকে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৭ জন।
বিলসের তথ্য অনুযায়ী, এই তিন বছরে এমন দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে গ্রামাঞ্চলে।
বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকের অজ্ঞতা এবং তাঁকে নিয়োগ দেওয়া মালিকের অজ্ঞতার সঙ্গে উদাসীনতা ট্যাংকে মৃত্যুর কারণ। বিষাক্ত গ্যাসের উপস্থিতি বিষয়ে শ্রমিকেরা অনেক সময় সচেতন থাকেন না। আবার নিয়োগকর্তাও শ্রমিকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেন না। সরকারি স্তরে সচেতনতামূলক প্রচার কর্মসূচি এবং নিয়োগকর্তা-মালিকের যথাযথ শাস্তি নিশ্চিত করতে পারলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
সেপটিক ট্যাংকে দুর্ঘটনার কারণ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ বলেন, বদ্ধ সেপটিক ট্যাংকে হাইড্রোজেন সালফাইট ও সালফার ডাই–অক্সাইড তৈরি হয়। এখানে অ্যামোনিয়াও সৃষ্টি হতে পারে। এসব গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটে। তিনি বলেন, এসব গ্যাসের উপস্থিতিতে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দেয়। তখন কেউ কোনো সুরক্ষাব্যবস্থা না নিয়ে সেপটিক ট্যাংকে ঢুকলে দম বন্ধ হয়ে মারা যায়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে নির্মাণাধীন একটি বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে নেমে ২৮ অক্টোবর সুজন, জালাল ও জুয়েল নামের তিন শ্রমিক মারা যান। সন্তানের খবর শুনে তাঁকে উদ্ধার করতে নেমে মারা যান সুজনের বাবা আবুল হাশেম।
জীবননগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই মাস আগে তৈরি ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলেই ভেতরে ঢোকায় বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়। ওই শ্রমিকদের কোনো মাস্ক ছিল না। ঢাকনা খোলার পাঁচ থেকে সাত ঘণ্টা পর যদি তারা সেখানে ঢুকত, তবে এমন অবস্থা হতো না।’
ওই বাড়িটির নির্মাণকাজের দায়িত্ব নিয়েছিলেন হেডমিস্ত্রি মতিয়ার রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বারবার শ্রমিকদের বলেছি, ট্যাংক খোলার পর দুই দিন পানি দিয়ে রেখে তারপর সেখানে ঢুকতে। কিন্তু আমার অনুপস্থিতিতেই ওরা ট্যাংক খুলেই ঢুকে পড়ে।’
২৬ অক্টোবর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের মধ্য চর কাঁকড়ায় সেপটিক ট্যাংকে ঢুকে মারা যান তিন শ্রমিক। পরদিন চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি কারখানার সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ হারান তিন শ্রমিক।
বিশ্লেষণে দেখা গেছে, শুকনো মৌসুমেই সেপটিক ট্যাংকে বেশির ভাগ মৃত্যু ঘটেছে। এ ছাড়া বর্ষাকালে, বিশেষ করে জুন মাসেও এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত শুকনো মৌসুমে সেপটিক ট্যাংক পরিষ্কার করা হয়। তবে বর্ষাকালে পানি ঢুকে যাওয়ার কারণেও অনেকে ট্যাংক পরিষ্কার করান।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মদ খান প্রথম আলোকে বলেন, বদ্ধ ট্যাংকে যে বিষাক্ত গ্যাস জমা হয়, এ বিষয়ে শ্রমিকেরা অজ্ঞ। বিশেষ করে গ্রামাঞ্চলে এ সম্পর্কে ধারণা নেই। এর ফলেই দুর্ঘটনা ঘটছে। তাঁর মতে, সাধারণ কিছু নিয়ম মানলেই এই দুর্ঘটনা রোধ করা যেতে পারে। যেমন, সেপটিক ট্যাংক খোলার পরপরই ভেতরে না ঢোকা। নিজে ঢোকার আগে মোমবাতি বা লণ্ঠন জ্বালিয়ে ট্যাংকে ঢোকাতে হবে, যদি ওই আলো নিভে যায়, তবে মনে করতে হবে যে ট্যাংকে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব রয়েছে। সে ক্ষেত্রে ঢোকার জন্য অপেক্ষা করতে হবে।
আলী আহাম্মদ খান বলেন, আরেকটি পদ্ধতি হলো, পানি দিয়ে পুরো ট্যাংক ভরে ফেলা। আবার ফ্যানের বাতাস বা ব্লোয়ার দিয়ে ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসকে সহনীয় করে তোলা। তিনি বলেন, যা-ই করা হোক না কেন, ট্যাংকে প্রবেশের আগে সেখানে অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত হওয়াটা জরুরি। সেপটিক ট্যাংকে মৃত্যু এড়াতে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস দ্রুত ব্যাপক প্রচারের কর্মসূচি নিতে যাচ্ছে।
(তথ্য দিয়ে সহযোগিতা করেছেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম)