সেপটিক ট্যাংকে প্রহরীর লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তুলা তৈরির কারখানার সেপটিক ট্যাংক থেকে গতকাল শুক্রবার এক নৈশ প্রহরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত নৈশ প্রহরীর নাম শাহাবুদ্দিন (৬০)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিমপাড়া এলাকায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহাবুদ্দিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার ইভেন্স সুইস ফ্যাক্টরিতে (পরিত্যক্ত কাপড় থেকে তুলা তৈরির কারাখানা) প্রহরীর কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত শাহাবুদ্দিনের দায়িত্ব ছিল। রাত ১২টার দিকে অপর নৈশ প্রহরী সামাদ কারখানায় এসে দেখেন, ভেতর থেকে ফটকে তালা লাগানো। তিনি দেয়াল টপকে ভেতরে গেলেও শাহাবুদ্দিনের কোনো খোঁজ পাননি। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে কারখানা প্রাঙ্গণে সেপটিক ট্যাংকের পাশে শাহাবুদ্দিনের জুতা ও রুমাল দেখতে পান। ট্যাংকির ঢাকনা খুলে শাহাবুদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পুলিশ সেপটিক ট্যাংক থেকে দুপুর ১২টার দিকের শাহাবুদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রহরী ফারুক ও সামাদকে আটক করা হয়েছে।