সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে বাসার সেপটিক ট্যাংকে পড়ে একই পরিবারের দুই শিশু মারা গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু পল্লিচিকিৎসক বেলাল হোসেনের মেয়ে ফাবিয়া আক্তার (১ বছর ১০ মাস) ও কুয়েতপ্রবাসী মো. ইয়াছিন নাছেরের ছেলে আবদুর রহমান (১ বছর ৮ মাস)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।

নিহত ফাবিয়া আক্তারের মামা মো. সোহেল প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটা থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পাকা ভবনের পাশে সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে শিশু দুইটির দেহ দেখতে পান। পরে তাদের মৃত উদ্ধার করা হয়। গতকালই সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শিশু দুইটির লাশ দাফন করা হয়।

মো. সোহেল জানান, কিছুদিন আগে এই বাড়িতে দুইটি সেপটিক ট্যাংক তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি ট্যাংকে ঢাকনা দেওয়া হয়নি। অস্থায়ীভাবে টিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, দুই শিশু খেলতে খেলতে ওখানে যায় এবং নিচে পড়ে যায়।

গতকাল সোমবার দুপুরে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যুর কথা তাঁরা শুনেছেন। তবে পরিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। কোনো অভিযোগও দায়ের করা হয়নি।