সেপটিক ট্যাংকে বিস্ফোরণ নিহত ২ আহত ২৫
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুইজন নিহত ও আহত হয়েছে ২৫ জন। গতকাল শনিবার শহরের পুরাতন আদালত সড়কের সাহা সুপার মার্কেটের একটি দোকানের নিচে ওই বিস্ফোরণটি ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন শুভেচ্ছা বস্ত্রালয়ের কর্মচারী রঞ্জন সাহা (২২) ও দোকানের ক্রেতা কলেজপাড়ার পলাশ মণ্ডলের স্ত্রী শিখা মণ্ডল (২৮)।টাঙ্গাইল সদর থানা সূত্রে জানা গেছে, ওই মার্কেটের শুভেচ্ছা বস্ত্রালয়ের নিচে সেপটিক ট্যাংক স্থাপন করা ছিল। ট্যাংকটিতে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে বলাই হরিজন, পূর্ব আদালতপাড়ার হূদয় দাস, সোলায়মান, গোবিন্দ চন্দ্র সূত্রধর, আনন ও তার মা সালমা আক্তার, নিহত শিখা মণ্ডলের ছেলে রূপসহ নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণ ভেবে আতঙ্কিত লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তাঁরা জেনারেল হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।