সেপটিক ট্যাংকে মুঠোফোন তুলতে গিয়ে ১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে গ্যাস বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ওই গ্রামের লিটন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবদুল গফুর মিয়া (৩০)। তিনি ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের মোনাজাত আলীর ছেলে। অসুস্থ শ্রমিক হজরত আলীর (৩৬) বাড়িও এই গ্রামে। তাঁর বাবার নাম শের আলী। হজরত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল গফুর মাঠে কৃষিকাজ শেষে বাড়িতে ফিরছিলেন। বেলা ১১টার দিকে লিটন হোসেনের বাড়ির কাছে তাঁর মুঠোফোন ছিটকে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। মুঠোফোনটি তুলতে বাঁশের সাহায্যে প্রায় ২০ ফুট গভীর ওই সেপটিক ট্যাংকের ভেতরে নামেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন গফুর।

খবর পেয়ে বন্ধুকে উদ্ধারের জন্য পরিবহনশ্রমিক হজরত সেখানে যান। তিনিও ওই ট্যাংকের ভেতর নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবদুল ছালাম বলেন, নির্মাণাধীন ট্যাংকের ওপর দীর্ঘদিন ঢাকনা থাকায় ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়েছিল। এ গ্যাসের কারণে ওই দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিরীন জেবীন বলেন, আবদুল গফুর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। হজরত আলী আশঙ্কামুক্ত।

খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহত ব্যক্তির দাফনের জন্য তাঁর পরিবারকে ১০ হাজার টাকা দেন।