সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে৷ গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আবদুর রশিদের বাড়িতে ওই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা কালা চান (৩০) ও চান্দিনা পৌর এলাকার সোনা মিয়ার ছেলে জব্বার মিয়া (৩৫)৷
প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, চান্দিনা পৌর এলাকার ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের লাগোয়া আবদুর রশিদের ভবন নির্মাণের কাজ করছেন কয়েকজন শ্রমিক৷ গতকাল বেলা একটায় নির্মাণশ্রমিক কালা চান ওই ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন৷ তিনি সেন্টারিংয়ের বাঁশের খঁুটি সরাতে গিয়ে নিচে পড়ে যান৷ তাঁকে উদ্ধার করতে গিয়ে জব্বার মিয়াও ট্যাংকের ভেতর পড়ে যান৷ খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তাঁদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন৷
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা ছিল না৷ শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু ঘটেছে৷
দুজনের মৃতদেহ দেখে বাড়ির মালিক আবদুর রশিদ ও নির্মাণশ্রমিক সবুজ মিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে৷
খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব গতকাল সন্ধ্যায় জানান, ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে৷