সেপটিক ট্যাংকে ২ সহোদরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের বাড়ির সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন। গতকাল রোববার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরসোম গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই সহোদর হলেন উত্তরসোম গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে মো. মহসিন মিয়া (৪২) ও মো. মাসুম মিয়া (৩০)। এর মধ্যে মহসিন তুমলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি। আর মাসুম ব্যবসায়ী।
অসুস্থ জুয়েল মিয়া (২৮) স্যানিটারি মিস্ত্রি। তিনি মহসিনদের চাচাতো ভাই।
তিনজনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহসিনদের বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। গতকাল দুপুর ১২টার দিকে জুয়েলকে নিয়ে ট্যাংকটি পরিষ্কার করতে যান দুই ভাই। জুয়েল ট্যাংকে নামার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে গিয়ে মাসুম ট্যাংকে পড়ে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। দুজন তলিয়ে যেতে থাকলে এবং তাঁদের চিৎকার শুনে দুজনকে উদ্ধারে ট্যাংকে নামেন মহসিন। তিনিও একইভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তলিয়ে যেতে থাকেন। তিনজনের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তিনজনকেই ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে মহসিন ও মাসুমের মৃত্যু হয়। জুয়েল বর্তমানে টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ কবির চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসই তিনজনের অসুস্থতার কারণ।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছেন তাঁরা।