সেপটিক ট্যাংকের গ্যাসে ছাত্রসহ দুজনের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত বৃহস্পতিবার সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র লিমন (২০) ও একই গ্রামের নির্মাণ শ্রমিক জালাল উদ্দিন (৩৫)।স্থানীয় লোকজন জানান, ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের হাবিবুর রহমান পেশকারের বাড়িতে প্রায় দুই মাস আগে সেপটিক ট্যাংকের উপরিভাগ ঢালাই করে মুখ বন্ধ করে রাখা হয়। গত বৃহস্পতিবার বিকেলে নির্মাণ শ্রমিক জালাল উদ্দিন ট্যাংকের মুখ খুলে সার্টার খোলার জন্য ভেতরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে লিমন (২০) তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতর প্রবেশ করেন। পরে গ্রামবাসী তাঁদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।