সেপটিক ট্যাংকের গ্যাসে তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও সাতজন। গতকাল সোমবার সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মৃত তিনজন হলেন পটুয়াখালীর কলাপাড়ার নিজামউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৩৮), খেপুপাড়ার নাসির তালুকদারের ছেলে আলমাছ (২৮) এবং ইব্রাহিম। তবে ইব্রাহিমের ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজে (লবণ কারখানা) সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ১০ জন শ্রমিক। এ সময় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও আলমাছকে মৃত ঘোষণা করেন। আর ইব্রাহিম, জাহাঙ্গীর, অলি ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ইব্রাহিমের মৃত্যু হয়।
অসুস্থ জাহিদ ও তৈয়ব বলেন, তাঁরা সেপটিক ট্যাংকে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। শ্বাসকষ্টে কাতরাতে থাকেন। এ সময় অন্য শ্রমিকেরা এসে তাঁদের উদ্ধার করেন।
খানপুরে ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাহমিনা নাজনীন বলেন, বিষাক্ত গ্যাস শ্বাসনালিতে চলে যাওয়ায় শ্রমিকদের মৃত্যু হয়েছে।