সেপটিক ট্যাংকের গ্যাসে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক নির্মাণশ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ফরহাদ (২৯) ও শাহাদাৎ হোসেন (২৮)। তাঁদের মধ্যে নির্মাণশ্রমিক ফরহাদের বাড়ি উপজেলার মদনগঞ্জ সোহেলবাড়ির ঘাটে ও শাহাদাতের বাড়ি আলীনগরে।

অসুস্থ দুজন হলেন নির্মাণশ্রমিক সুমন মিয়া (৩৮) ও নাজিম (৪৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে আবদুল মালেক মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নির্মাণশ্রমিক ফরহাদ ও সুমন মিয়া। তাঁদের সঙ্গে আবদুল মালেকের ছেলে নাজিম ও আত্মীয় শাহাদৎও নামেন। বিষাক্ত গ্যাসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকেরা শাহাদাৎ ও নির্মাণশ্রমিক ফরহাদকে মৃত বলে ঘোষণা করেন। অসুস্থ সুমন মিয়া ও নাজিমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি নজরুল আরও জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে।