সেপটিক ট্যাংকের গ্যাসে দুজনের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল বুধবার সেপটিক ট্যাংকের গ্যাসে দুজন শ্রমিক নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমান (৪৮) ও একই ইউনিয়নের ছেলোবেলো গ্রামের বাবলু রহমান (২৬)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে শেকটা ডাঙ্গাপাড়া গ্রামের আহানুল ইসলামের বাড়ির নতুন সেপটিক ট্যাংকের ভেতরে লাগানো কাঠের শাটারিং খুলতে যান রাজমিস্ত্রির সহকারী আনিছুর ও বাবলু। এ সময় তাঁরা ওই ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁদের ওপরে তুলে আনা হয়। এরপর সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুল হক জানান, সন্ধ্যা ছয়টার দিকে ওই দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হলে তিনি তাঁদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।