সেপটিক ট্যাংকের পাটাতন ভেঙে দুই শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার মদন উপজেলায় সেপটিক ট্যাংকের পাটাতন ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে জয়নাল মিয়া (২৫) ও একই উপজেলার আশুয়ারা গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান জয়নাল ও সোহাগ। এ সময় সেপটিক ট্যাংকটির পাটাতন ভেঙে জয়নাল নিচে পড়ে যান। তাঁকে তুলতে গিয়ে সোহাগও নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নাল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।