সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় নগরের আলীশান মোড়ে নির্মাণাধীন একটি ভবনের ভূগর্ভস্থ সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার শেখপাড়ার নূর হোসেনের ছেলে মো. শাওন (২৫), বটিয়াঘাটা উপজেলার নারানখালী গ্রামের সুররাফ আলীর ছেলে মো. ইমরান (২০), রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের পরম আলী খানের ছেলে মো. নজরুল (২২) ও বাগেরহাটের বড় রঘুনাথপুর গ্রামের কওসার আহমেদের ছেলে মো. রমজান (৩০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সমির উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ওই ১৬ তলা ভবনের দুই তলার কাজ চলছে। ভবনের নিচে (আন্ডারগ্রাউন্ড) সেপটিক ট্যাংকে কাজ করার সময় গতকাল কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিৎকার শুরু করেন। খবর দেওয়া হলে সেখান থেকে অসুস্থ অবস্থায় চারজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করেন। এঁদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁরা মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক রমজান ও স্থানীয় উদ্ধারকারী যুবক শাওন।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আন্ডারগ্রাউন্ড সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। আজ (বৃহস্পতিবার) সেখানে শ্রমিকেরা কাজ করতে নামেন। ট্যাংকের ওপর থেকে তক্তা সরানোর সময় তাঁরা গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠাই। পরে শুনলাম তাঁরা মারা গেছেন।’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. জুয়েল বলেন, হাসপাতালে প্রথম যে দুজনকে আনা হয়েছিল, তাঁরা মৃত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজন মারা যান।