সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে খুলনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে নগরের আলীশান মোড়ে একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার নারানখালী গ্রামের মো. ইমরান (২০), রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মো. নজরুল (২২), বাগেরহাট জেলার বড় রঘুনাথপুর গ্রামের মো. রমজান (৩০) ও নগরের শেখপাড়া এলাকার মো. শাওন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সমীর নামের এক ব্যক্তির নির্মাণাধীন ১৬ তলা ভবনের দোতলার কাজ চলছিল। ওই ভবনের নিচে (আন্ডার গ্রাউন্ড) সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিত্কার শুরু করেন। পরে সেখান থেকে চারজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। এর মধ্যে দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান অপর দুই শ্রমিক।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক বদরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আন্ডার গ্রাউন্ডের সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। আজ সেখানে শ্রমিকেরা কাজ করতে নামেন। শ্রমিকেরা ট্যাঙ্কের ওপর থেকে তক্তা সরানোর সময় ওই গ্যাসে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন।’ তিনি বলেন ‘আমরা গিয়ে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম তাঁরা মারা গেছেন।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক মো. জুয়েল বলেন, ‘হাসপাতালে প্রথমে যে দুজনকে আনা হয়েছিল তাঁরা মৃত ছিলেন। পরে চিকিত্সাধীন অবস্থায় বাকি দুজনও মারা যান।’

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তাঁরা মারা গেছেন।’

তবে যোগাযোগের চেষ্টা সত্ত্বেও বাড়ির মালিক সমির উদ্দিনকে পাওয়া যায়নি।

এদিকে শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত নিহত শ্রমিকদের আত্মীয়স্বজন ও শ্রমিকেরা নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।