সেপ্টেম্বর থেকে বিলবোর্ড সরাতে অভিযান: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আগামী সেপ্টেম্বর থেকে বিলবোর্ড সরাতে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিলবোর্ড নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এটি বাংলাদেশে নতুন দুর্ভোগ। নতুন একটা বিরক্তি। ব্যাঙের ছাতার মতো এই বিলবোর্ড গজিয়ে উঠছে।
আজ শনিবার সকালে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ ও অপ্রয়োজনীয় বিলবোর্ডে নেতার ছবি, নেতার সঙ্গে পাতিনেতা, উপনেতা, সিকিনেতা সবার ছবি আছে। এর মধ্যে অনেক চাঁদাবাজদেরও ছবি আছে। চাঁদাবাজরাও এসব বিলবোর্ডে নিজেদের ছবি দেয়। সেপ্টেম্বর থেকে বিলবোর্ড অপসারণে সাঁড়াশি অভিযান চলবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-গাজীপুর সড়ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং দেশে সড়ক-মহাসড়কের অবস্থাও ভালো। জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ প্রায় শেষের পথে।
এ সময় বৃষ্টিতে কিছু কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ জন্য আমরা সবাই রাস্তায়। আমাদের সচিব, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব কর্মকর্তা শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিনেও ঘরে ছিলাম না। আমরা রাস্তায় ছিলাম। এবার রাস্তায় যদিও সংকট নেই, এর পরও ঈদ পর্যন্ত ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, মনিটরিং টিম সবাই আমরা রাস্তায় আছি। কোনো অবস্থাতেই জনগণের দুর্ভোগ, ভোগান্তি হতে দেওয়া যাবে না।’

এবার ঈদে অতিরিক্ত ৫০৬টি বিআরটিসির বাস স্পেশাল সার্ভিসে যুক্ত করা হয়েছে। ৫৫টি বাস আপত্কালীন সমস্যার জন্য রাখা হয়েছে বলে মন্ত্রী জানান।

এ সময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মোস্তফা কামাল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।