সেপ্টেম্বরে আসছে অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে অগ্নি-নিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি যে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা চূড়ান্ত করতে আগামী সেপ্টেম্বর মাসে জোটের একটি প্রতিনিনিধিদল বাংলাদেশে আসছে। বাংলাদেশের তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বিজিএমইএ জানিয়েছে, জোটের প্রতিনিধিদলটির ওই সফরের সময় ঋণ ব্যবহারসম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং গত এপ্রিল মাসে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক লোক নিহত হওয়ার পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে বিক্রেতাদের ভূমিকা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়। আর সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও কানাডার ১৭টি ব্র্যান্ডের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি গত জুলাই মাসে বাংলাদেশে ১০ কোটি ডলারের ঋণসুবিধা দেওয়ার ঘোষণা দেয়। বিজিএমইএ জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর ওই জোটের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বিবিসি বাংলাকে জানান, মূলত অগ্নিনিরাপত্তাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে এই ঋণ দেওয়া হবে। শহীদুল্লাহ আজিম আরও জানান, জোটভুক্ত ব্র্যান্ডগুলোর জন্য পোশাক উৎপাদনকারী কারখানাগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন ও অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, এমন ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে এই ঋণ দেওয়া হবে। ১০ কোটি ডলারের এই ঋণ জোট থেকে বাংলাদেশের একটি ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে সরাসরি কারখানার মালিকদের মধ্যে বিতরণ করা হবে।
জোটের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নীতিগত দিকগুলো ঠিক করবেন। তাঁরা অডিটর নিয়োগ করবেন। তারপর যাচাই-বাছাই করে ঋণ দেওয়া হবে। অক্টোবরের পরে এই ঋণ বিতরণ শুরু হতে পারে বলে শহীদুল্লাহ আজিম জানান। ঋণ পাওয়ার পর সেই অর্থ সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে জোট একটি বোর্ড গঠন করেছে। আর সেই বোর্ডের একজন প্রতিনিধি থাকবেন বাংলাদেশে, যিনি নিজস্বভাবে ঋণ মনিটরিং করবেন। অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি জোটের মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে ওয়ালমার্ট, গ্যাপ, টার্গেট, টায়ার ও হাডসন বে। বিবিসি বাংলা।