সেপ্টেম্বরে আসছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টাইনমেয়ার আগামী সেপ্টেম্বরে একসঙ্গে বাংলাদেশ সফরে আসছেন। খবর ইউএনবির।
সম্প্রতি ফ্রান্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর লরা ফাবিয়াস এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে আসার পর তাঁরা বাংলাদেশে ফ্রান্স-জার্মানির যৌথ দূতাবাসের উদ্বোধন করবেন। ফাবিয়াস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। তাঁরা প্যারিসে অনুষ্ঠেয় আগামী জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।