সেপ্টেম্বরে চারটি উড়োজাহাজ ভাড়া নেবে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সেপ্টেম্বরে চারটি উড়োজাহাজ ভাড়া নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দুটি উড়োজাহাজ হজ ফ্লাইটের জন্য, বাকি দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে।

গতকাল সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল এ কথা জানান।

কেভিন স্টিল বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনা হবে। বহরে উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ করাসহ ফ্লাইট নিয়মিত ছাড়ার হার ও গ্রাহকসেবার মান আরও বাড়ানো হবে। তিনি বলেন, চলতি মাসে বিমানের ৫৬ দশমিক ২ শতাংশ ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়েছে। গত বছর একই সময়ে এ হার ছিল ৪৪ দশমিক ৫ শতাংশ।

বিমানের এমডি আরও জানান, আগামী নভেম্বরের মধ্যে দেশের অভ্যন্তরীণ সব গন্তব্যে বিমানের ফ্লাইট চালু করা হবে। এ জন্য ইতিমধ্যে ছোট আকারের উড়োজাহাজ ভাড়া নিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সংবাদ সম্মেলনে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।