সেপ্টেম্বরে ঢাকায় আসতে পারেন সুষমা স্বরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সেপ্টেম্বরের প্রথমার্ধে ঢাকায় আসতে পারেন। ওই সময় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের কূটনীতিকদের মধ্যে আলোচনা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে জানান, জেসিসির চতুর্থ বৈঠকটি বাংলাদেশ সেপ্টেম্বরের প্রথমার্ধে করতে আগ্রহী। দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জন্য সময়সূচি সুবিধাজনক বিবেচিত হলে ওই সময় ঢাকায় আসবেন সুষমা স্বরাজ।

গতকাল বিকেলে সুষমা স্বরাজের সম্ভাব্য সফর নিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার কথা হয়েছে। ভারতীয় হাইকমিশনার এদিন বিকেলে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।

গতকাল বিকেলে দুই দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেসিসির চতুর্থ বৈঠক সেপ্টেম্বরে আয়োজনের ব্যাপারে বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়েছে। প্রস্তাবিত ওই সময়সূচিতে ভারতের সাড়া পাওয়ার পর সুষমা স্বরাজের সফরসূচি চূড়ান্ত হবে।

সেপ্টেম্বরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হলে এপ্রিলে দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। দিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকের পাঁচ মাস পর এটি হবে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা এপ্রিলে যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার দিকনির্দেশনা দেবে।

দুই দেশ এবং এ অঞ্চলের শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ২০১১ সালে উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি সই করেছিল বাংলাদেশ ও ভারত। চুক্তিটি সইয়ের পথ ধরে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে জেসিসির প্রথম বৈঠক ২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়। মূলত দুই শীর্ষ নেতার বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় জেসিসিতে।