সেপ্টেম্বরে তিন আর অক্টোবরে এক সিটি মেয়র দায়িত্ব পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের দায়িত্ব হস্তান্তরের তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে খুলনার মেয়র মনিরুজ্জামান দায়িত্ব পাবেন আগামী ২৫ সেপ্টেম্বর। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন দায়িত্ব পাবেন ১৮ সেপ্টেম্বর। বরিশালের মেয়র আহসান হাবিব কামাল দায়িত্ব বুঝে পাবেন ৮ অক্টোবর। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি চার সিটি করপোরেশন মেয়রের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের মেয়রদের দায়িত্ব হস্তান্তরের জন্য প্রথম সভা অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ জুন এ চার সিটি করপোরেশনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। এর গেজেট প্রকাশ করা হয় গত ২৪ জুন। আইনে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তাই ২১ জুলাই তাঁদের শপথ পড়ানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা অনুযায়ী করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় চার মেয়রকেই নির্ধারিত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।