সেপ্টেম্বরে স্কুল খোলার পরিবেশ হয়নি: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর মাসেও স্কুল খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে আকরাম-আল-হোসেন এই কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীও বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। তার মানে কি? সেপ্টেম্বরে খুলছে না।

সচিব আরও বলেন, ‘করোনা সংক্রমণের হার এখনো ২০ শতাংশের বেশি। এখনো কমেনি। স্থিতিশীল আছে। এই অবস্থায় বাচ্চাদের বিপদগ্রস্ত করব? অবশ্যই না। তিনি ‘অবশ্যই না’ বাক্যটি তিনবার উল্লেখ করেন।

এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শুধু চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব এখনো অনুমোদন হয়ে ফেরত আসেনি বলে জানান সচিব। তবে তাঁর ধারণা, এটি অনুমোদন হবে।

গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে এ বছর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব করেছে মন্ত্রণালয়।

করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এমন অবস্থায় শিক্ষক ও অভিভাবকদের জিজ্ঞাসা সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না? এ অবস্থায় প্রাথমিক সচিবের এই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বরে স্কুল খোলার সম্ভাবনা নেই।