সেপ্টেম্বরের মধ্যে মেঘনা দখলমুক্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দখল হয়ে যাওয়া মেঘনা নদী আগামী সেপ্টেম্বরের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন তিন মন্ত্রী। গতকাল শুক্রবার বিকেলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ আশুগঞ্জের চর চারতলায় দখল হওয়া নদী এলাকা পরিদর্শন শেষে এই নির্দেশ দেন।এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুৎফুল হাই, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাংসদ শাহ আলম ও স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তাঁরা ভরাটকৃত স্থানে সংক্ষিপ্ত সভা করেন। সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, একসময় আমাদের দেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। কিন্তু আজ তা কমে চার হাজার কিলোমিটারে নেমে এসেছে। নদী দখল ও ভরাট করার কারণে মূলত দ্রুত নৌপথ কমে আসছে।মন্ত্রী বলেন, মেঘনা নদী ভরাটের কাজটি ভুল ছিল এই কথা মেনে নিয়েই উদ্যোক্তা প্রতিষ্ঠান (নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড) বালু সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। কেউ যদি আইন না মেনে বা নদী দখল করে শিল্প-কারখানা প্রতিষ্ঠা করতে যায়, তাহলে তাদের প্রতিহত করা হবে। মন্ত্রী আগামী সেপ্টেম্বরের মধ্যে বালু সরিয়ে নিয়ে নদী পুরোপুরি দখলমুক্ত করার নির্দেশ দেন।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা দেশের নদী দখলমুক্ত করার কাজ শুরু করেছি। দখল হয়ে যাওয়া মেঘনাও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি পলিয়েস্টার কারখানা নির্মাণের জন্য আশুগঞ্জের চর চারতলায় নদীর প্রায় নয় একর জমিসহ তীর দখল করে নেয়। গত ১২ মে এই নিয়ে ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।