সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত ২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে শৌচাগারের সেফটি ট্যাংক থেকে নির্গত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজন মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। অসুস্থ ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: মুহাম্মদ ফজল করিম (৪৫), তাঁর ছোট ভাইয়ের স্ত্রী বেনু আক্তার (২৬)। অসুস্থরা হলেন, নিহত ফজল করিমের স্ত্রী খালেদা আক্তার (৩০), একই বাড়ির মুহাম্মদ হারুন ও মুহাম্মদ হাসান। এর মধ্যে হারুন ও হাসান উদ্ধারকাজে সাহায্য করতে এসে অসুস্থ হন। স্থানীয় লোকজন জানান, নিহত ফজল করিমের যৌথ পরিবারের শৌচাগারে তিন কক্ষের একটি বড় আকৃতির ট্যাংক নির্মাণ করা হয়। ট্যাংকের এক কক্ষ ব্যবহূত হলেও অপর দুটি ছিল খালি। খালি ওই দুই কক্ষে রান্নার জ্বালানি রাখা হয়। এরই মধ্যে শৌচাগারের মূল কক্ষ থেকে ছিদ্র হয়ে পাশের কক্ষে আবর্জনা আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।গতকাল দুপুরে রান্নার কাজের জ্বালানি আনতে যায় ফজল করিমের ছোট ভাইয়ের স্ত্রী বেনু আক্তার। তিনি ওই ট্যাংকে গ্যাসের গন্ধে শ্বাসরোধ হয়ে মাথা ঘুরে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ফজল করিম তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামেন। এরপর তিনিও শ্বাসরোধ হয়ে সেখানে ঢলে পড়েন। এভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে বাড়ির লোক ও প্রতিবেশীরা এসে দুজনকে উদ্ধার করতে ট্যাংকে নামেন। এতে তিনজন গুরুতর অসুস্থ হন। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অসুস্থদের উদ্ধার করেন। এ সময় এলাকার ক্ষুব্ধ লোকজন সেফটি ট্যাংকটি গুঁড়িয়ে দেয়।স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) সমিরন দাশ গুপ্ত বলেন, হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।