সেপটিক ট্যাংকের বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর মরকুন এলাকায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. মোস্তফা (৬০) ও তাঁর মেয়ে মাকসুদা আক্তার মুক্তা (২২)। মুক্তা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের (বিবিএ) ছাত্রী ছিলেন।

নিহত মোস্তফার ছেলে মহিউদ্দিন জানান, প্রায় ১৫ বছর আগে ট্যাঙ্কিটি তৈরি করা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে পরিষ্কার করা হলেও চলতি বছর পাশের জমির মালিকদের আপত্তির কারণে ট্যাংকটি পরিষ্কার করা হয়নি। ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো পথ ছিল না। আজ ভোর চারটার দিকে আচমকা ট্যাংকটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চালা উড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। গুরুতর আহত হন তাঁর ঘুমন্ত বাবা ও বোন।

ঘটনাস্থলে গিয়ে আমাদের এই প্রতিবেদক দেখেন, সেখানে ১০-১১টি আধাপাকা ঘর রয়েছে। এর মধ্যে বাড়ির মালিক মহিউদ্দিন নিজেদের জন্য তিনটি কক্ষ রেখে অন্যগুলো ভাড়া দিয়েছেন। ট্যাংকের ওপরেই ছিল মহিউদ্দিনের তিনটি ঘর।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা মো. খালেদ জানান, হাসপাতালে আনার পর তাঁদের মৃত পাওয়া যায়।