সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে লাল খাঁ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক নবী হোসেন (৩৬), শাহীন (৩৫) ও লিয়াকত (৪৫)। তবে পুলিশ নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার লাল খাঁ এলাকায় আবদুর রশিদ ব্যাপারী নামের এক ব্যক্তির তিনতলা বাড়ি নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। তিনতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংকের জন্য ঢালাইয়ের কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খোলার কাজ করছিলেন তাঁরা। প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খোলার জন্য নিচে নামেন লিয়াকত হোসেন। তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে নিচে নামেন অপর শ্রমিক নবী হোসেন। তিনি নিচে নামার পর তাঁর সাড়া-শব্দ না পেয়ে অপর শ্রমিক শাহীন নিচে নামেন। তাঁরও কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা অক্সিজেন নিয়ে নিচে নেমে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে এ ঘটনা ঘটেছে।