সেবকদের চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা (সেবক)। তাঁরা পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত করপোরেশনের মূল ফটক ঘেরাও করে রাখেন। প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা পদে রদবদলের গুজবে তাঁরা এই ঘেরাও কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। জানা গেছে, আজ মঙ্গলবার মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের বৈঠক করার কথা। বৈঠকে সাবেক প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ কাতেবীকে আবার প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। এ গুজব ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন ওয়ার্ডের সেবকেরা (পরিচ্ছন্নতা কর্মী) আন্দরকিল্লায় জড়ো হয়ে সিটি করপোরেশনের প্রধান ভবন ঘেরাও করেন। তাঁরা হুমকি দেন, সাইফুদ্দিনকে আবার প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলে আজ মঙ্গলবার থেকে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘সেবকেরা সাইফুদ্দিনকে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার পদে আর দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছেন। আমি তাঁদের দাবি সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিলে তাঁরা চলে যান।’ করপোরেশন সূত্র জানায়, সাইফুদ্দিন ১৬ বছর ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২০০৯ সালের ১৪ জুলাই তাঁকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত তাঁকে বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু সাবেক মেয়র তাঁকে আর ওই পদে বসতে দেননি। তবে সাইফুদ্দিন নিয়মিত বেতন-ভাতা পেতেন।গতকাল করপোরেশনের সামনে জড়ো হওয়া সেবকেরা অভিযোগ করেন, সাইফুদ্দিন দায়িত্ব পালনকালে সেবকদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন। এক দিন কাজে যোগ না দিলে তার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হতো। তবে অভিযোগ অস্বীকার করে সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আমি আগের পদেই আছি।’