সেবা ও বাণিজ্য না বাড়ালে বিমান অবলুপ্ত হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে মানুষ বাংলাদেশ বিমানকে ভালোবাসে। কিন্তু বিমানের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের শেষ নেই। বিমান কর্তৃপক্ষ সেবা কিংবা বাণিজ্য কোনোটিই দিতে পারছে না। তিনি আরও বলেন, বিমানের লোকজন অত্যন্ত দুর্বল ও অদক্ষ। এ রকম আর কোনো দেশে নেই। এ অবস্থার উন্নতি না হলে বিমানের অবলুপ্তি হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট ফের চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। টানা প্রায় ১০ মাস বিরতির পর গতকাল রোববার লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়। এ ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের স্বাগত জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশনের কাজ সম্পন্ন হলে সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, এ অদক্ষতা ও অব্যবস্থাপনার জন্য বিমানকে অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিল। বিমানের সামগ্রিক অবস্থার পরিবর্তন না হলে সরকারের আর্থিক বরাদ্দ প্রত্যাহার করে নেওয়া হবে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান অবশ্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি বলেন, লন্ডন-সিলেট ফ্লাইট আর বন্ধ হবে না। সিলেটে রিফুয়েলিং স্টেশন স্থাপনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, সিলেট থেকে হজযাত্রীদের বহন করতে সিলেট-জেদ্দা ফ্লাইট শিগগিরই চালু হবে। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ শফিকুর রহমান প্রমুখ। বিমানবন্দর সূত্র জানায়, সকাল আটটা ৪০ মিনিটে ৪২০ জন যাত্রী বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ৪১৯ আসনের এই ফ্লাইটে দুজন পাইলট ও দুজন কেবিন ক্রুসহ মোট ৪১৪ জন আরোহী ছিলেন। যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী এবং বিমান ও পর্যটনমন্ত্রী। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীরা নয় ঘণ্টায় লন্ডন থেকে সরাসরি সিলেট পৌঁছানোয় আনন্দ প্রকাশ করেন। তবে যাত্রীরা সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বিমানের পুরোনো লোকবল পরিবর্তন করে নতুন লোক নিয়োগের আবেদন জানান। তাঁরা শুল্ক ও অভিবাসনে হয়রানি বন্ধের দাবি জানান। একাধিক যাত্রী অর্থমন্ত্রীর বক্তৃতায় সন্তোষ প্রকাশ করেন। অর্থমন্ত্রীর খোলামেলা বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত বিমানের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন। তাঁদের অনেককে বিমর্ষ দেখা যায়। তবে তাত্ক্ষণিক এ নিয়ে তাঁরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এ ব্যাপারে বিকেলে যোগাযোগ করলে বিমানের সিলেট আঞ্চলিক কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রীর কথাগুলোতে বিমানের হালচাল নিয়ে সরকারের নীতিনির্ধারণী ভাবনার প্রকাশ পেয়েছে। স্বাভাবিক কারণে এ নিয়ে সবাই উত্কণ্ঠিত।’