
দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সেবা খাতে ২০১২ সালের তুলনায় ২০১৫ সালে ঘুষের পরিমাণ বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। ২০১৫ সালে সারা দেশে ৮ হাজার ৮২২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। এই সংখ্যা পাওয়া গেছে ১৫ হাজার পরিবার বা খানার ওপর করা জরিপ থেকে প্রাক্কলন করে।
জরিপে আরও দেখা গেছে, সেবা নেওয়ার ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট তৈরি করতে গিয়ে। তবে ঘুষের পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ভূমি প্রশাসনে।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উন্মোচন করে টিআইবি। এটির শিরোনাম ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৫’। ১৯৯৭ সাল থেকে খানা জরিপ প্রকাশ করে আসছে সংস্থাটি। এবার নিয়ে সাতটি জরিপ প্রকাশিত হলো। এর আগের জরিপটি প্রকাশিত হয় ২০১২ সালের তথ্য নিয়ে।
জরিপে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘরে বসে এ ধরনের কম্পিউটার জেনারেটেড (কম্পিউটারে তৈরি) রিপোর্ট কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’
এবারের জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্টের পরে রয়েছে যথাক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, শিক্ষা (সরকারি ও এমপিওভুক্ত), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ভূমি প্রশাসন, বিচারিক সেবা ও স্বাস্থ্য। এসব ক্ষেত্রে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে সেবা খাতে দুর্নীতির প্রকোপ বেশি।
জরিপের তথ্য অনুযায়ী, ২০১২ সালের তুলনায় ২০১৫ সালে স্থানীয় সরকার ও বিদ্যুৎ খাতে দুর্নীতি ও হয়রানি বেড়েছে। তবে ভূমি প্রশাসন ও বিচারিক সেবা খাতে দুর্নীতি
উল্লেখযোগ্য হারে কমেছে। আর শিক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, কর ও শুল্ক খাতে দুর্নীতির হার প্রায় অপরিবর্তিত।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবির গবেষণা বিভাগের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক মো. ওয়াহিদ আলম, কর্মসূচি ব্যবস্থাপক ফারহানা রহমান ও উপকর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ নূরে আলম। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের ও গবেষণা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ প্রতিবেদনের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়। কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের বিরুদ্ধে নয়। মূল লক্ষ্য সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে সহায়তা করা।’ এবারের প্রতিবেদনে কোনো ধারণাভিত্তিক তথ্য নেই জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের শিকারদের অভিজ্ঞতালব্ধ তথ্য থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ১১ দফা সুপারিশও তুলে ধরা হয়েছে।
টিআইবি জানিয়েছে, এবারের জরিপে ১৫ হাজার ২০৬টি খানা অন্তর্ভুক্ত ছিল। ২০১৫ সালের ১ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলায় এ জরিপ পরিচালিত হয়। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর সময়কালে হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া বেশির ভাগ মানুষই (৫৮ দশমিক ১%) বলেছেন, সেবা নিতে গিয়ে তাঁদের ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে হয়েছে।
জরিপে দেখা যাচ্ছে, সেবা নিতে গিয়ে গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছে। ৭১ শতাংশ মানুষ বলেছেন, ঘুষ না দিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না।
পাসপোর্ট খাতে দুর্নীতি
টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট তৈরির প্রক্রিয়াগুলোতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এ সেবা নেওয়ার ক্ষেত্রে সেবা গ্রহণকারীদের ৭৬ শতাংশই বলেছেন, তাঁদের ঘুষ দিতে হয়েছে। এ ছাড়া অন্যান্য অনিয়মের মধ্যে সময়ক্ষেপণ, প্রতারণা, স্বজনপ্রীতি ও আত্মসাতের ঘটনার কথাও উল্লেখ করেছেন সেবাগ্রহীতারা।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান প্রথম আলোকে বলেন, ‘পুলিশি ভেরিফিকেশনের জন্য পুলিশকে টাকা দেওয়া, ফরম পূরণ করে দেওয়ার নামে সংঘবদ্ধ দালাল চক্রকে টাকা দেওয়া, ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়া বা দালালদের হয়রানির দায় পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নেবে না।’ তিনি টিআইবিকে পাসপোর্ট অফিসগুলোতে গিয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরির মাধ্যমে মানুষের কাছে উপস্থাপনের আহ্বান জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে সেবা নিতে গিয়ে ৭৪ দশমিক ৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। বেশির ভাগই ঘুষ দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেছেন, সেবা নিতে গিয়ে বেশি ঘুষ দিতে হয়েছে ট্রাফিক পুলিশকে।
অন্যান্য খাত
শিক্ষা সেবা নিতে গিয়ে ৫৭ শতাংশ মানুষ অনিয়ম বা দুর্নীতির শিকার হওয়ার কথা জানিয়েছেন। নিয়মবহির্ভূত অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা এবং প্রাইভেট কোচিংয়ে বাধ্য করার অভিযোগও এসেছে।
ভূমি প্রশাসনে দুর্নীতির শিকার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, কাগজপত্র উত্তোলন, নামজারি, ভূমি জরিপ, হেবা উইল ও দানপত্র রেজিস্ট্রেশনে সাফ-কবলা রেজিস্ট্রেশন এবং খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানির অভিযোগ করেছেন তাঁরা।
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল দুর্নীতির দুষ্টচক্র থেকে বের হয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, ‘প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইচ্ছায় বা অনিচ্ছায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ, বিশেষ করে যাদের পক্ষে কথা বলার কেউ নেই।
ইফতেখারুজ্জামান বলেন, যেসব খাতের ওপর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা নির্ভরশীল, বিশেষ করে পাসপোর্ট সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, শিক্ষা, বিআরটিএ, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য এবং স্থানীয় সরকারের মতো খাতে দুর্নীতির প্রভাব ও ঘুষ লেনদেনের বিষয়গুলো বেশ উদ্বেগের।