সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি বা বঞ্চনার শিকার না হয়, সেদিকে জেলা প্রশাসকদের বিশেষ লক্ষ রাখার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের যে ১৯ দফা নির্দেশনা দেন, তার প্রথমেই ছিল এ বিষয়টি। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠকেও প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের যে মুক্ত আলোচনা হয়েছে, সেখানেও গুরুত্ব পেয়েছে নাগরিক সেবার প্রসঙ্গ। বেশ কয়েকজন জেলা প্রশাসক নাগরিক সেবা বাড়াতে ফেসবুক, ডিজিটাল তথ্যসেবাকেন্দ্রসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার কী ধরনের ভূমিকা রাখছে, তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে।
ওই সম্মেলনের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন অধিবেশনে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে মাঝেমধ্যে আলোচনা হলেও তাতে নতুন কোনো পরামর্শ বা দিকনির্দেশনা ছিল না। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের আরও সতর্ক থাকতে ও ভূমিকা রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসকেরা বলেছেন, তাঁরা ইতিমধ্যে সরকারের পরামর্শ অনুযায়ী কার্যক্রম শুরু করেছেন। এই সম্মেলনের পর তাঁরা এ বিষয়ে নজরদারি আরও বাড়াবেন।
গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জেলা প্রশাসকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা করেন। বেলা একটার দিকে ‘সবার জন্য গৃহ’ কর্মসূচিসহ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো নিয়ে আলোচনা হয়। বিকেলে স্বরাষ্ট্র, অর্থসহ ১০টি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকেরা আলাদা বৈঠক করেন।
বৈঠক সূত্র জানায়, জেলা প্রশাসকদের বেশ কয়েকজন ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা বলেন, ভূমি নিবন্ধন করেন সাবরেজিস্ট্রার, যিনি আইন মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ও তহশিল অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তাঁদের মতে, ভূমিসংক্রান্ত কার্যক্রমগুলো একই মন্ত্রণালয়ের অধীনে হলে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আসবে, নাগরিক সেবা নিশ্চিত হবে। স্থানীয় ভূমি অফিসের নিরাপত্তা ও দলিল-দস্তাবেজ সংরক্ষণের কথাও তুলে ধরেন কয়েকজন জেলা প্রশাসক। উল্লেখ্য, এই সম্মেলনে ৩৯টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ভূমিসংক্রান্ত প্রস্তাব সবচেয়ে বেশি জমা পড়েছে, এর সংখ্যা সর্বোচ্চ ২৭টি। এরপর রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত ২৫টি প্রস্তাব। প্রধানমন্ত্রী ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি ভূমি রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্ত আলোচনায় একাধিক জেলা প্রশাসক সরকারের ভেজালবিরোধী ও ফরমালিনমুক্ত অভিযান পরিচালনার কথা তুলে ধরেন। তাঁরা ফেসবুকের মাধ্যমে জেলার নাগরিকদের বিভিন্ন সমস্যা জেনে তা সমাধানের চেষ্টার কথা জানিয়েছেন। এ ছাড়া ডিজিটাল সেবাকেন্দ্র থেকে আয় এবং নাগরিক সেবা দেওয়ার দৃষ্টান্তও তুলে ধরেন কেউ কেউ। একজন জেলা প্রশাসক জানান, তাঁর জেলায় একটি ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্র মাসে ৫৮ হাজার টাকা আয় করেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনায় ভ্রাম্যমাণ আদালত আইনটি সংশোধন না হওয়ার প্রসঙ্গ তোলেন কয়েকজন জেলা প্রশাসক। তাঁরা বলেন, প্রায় এক বছর ধরে আইনটি আইন মন্ত্রণালয়ে পড়ে আছে।
এদিকে জেলা প্রশাসকদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জেলা প্রশাসকেরা সরকারের নির্দেশনা অনুযায়ী আগে থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড শুরুর কথা জানিয়েছেন। তাঁরা জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করেছেন। এই কমিটি যাতে সক্রিয় হয়, সে লক্ষ্যে তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের যে বার্তা দিয়েছেন, তিনি সেই বার্তা জেলা প্রশাসকদের সামনে তুলে ধরেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকেরা তাঁদের কিছু অবকাঠামোগত সমস্যা ও সীমাবদ্ধতার কথা বলেছেন। সরকার এসব বিষয় বিবেচনা করবে।
স্থানীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটিতে বিএনপি থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় পার্টি বিরোধী দল আছে না?’
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলনে সরকারি চাকরিজীবীদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শুধু জেলা প্রশাসক নয়, সব সরকারি চাকরিজীবীই অবসরে যাওয়ার পর আবাসন সমস্যায় পড়েন। তাই বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।’
মুহিত বলেন, ‘সরকারি চাকরিজীবীদের আবাসন সমস্যা কিছু কিছু ইতিমধ্যে সমাধান করা হয়েছে। কেউ কেউ অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন। তবে সারা দেশের জন্য আমাদের চিন্তা করতে হবে।’ ট্রেজারিগুলো খুব দুরবস্থার মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটা দূর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ মিলে দেশব্যাপী একটা প্রকল্প নিলে আমরা সহায়তা করব।’
এর আগে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২ লাখ ৮০ হাজার মানুষ গৃহহীন রয়েছে। তাদের তালিকা করতে ডিসিদের নির্দেশ দেন তিনি। দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না—এমন আশার কথা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা বের করেন, আমরা ঘর করে দেব। প্রতিটি মানুষের ঠিকানা করে দিতে চাই।’
সরকার যেসব প্রকল্প গ্রহণ করছে সেগুলোর বাস্তবায়ন যথাযথ হচ্ছে কি না, সে বিষয়ে ডিসিদের তিনি নজর দেওয়ার আহ্বান জানান এবং হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো সঠিকভাবে চলছে কি না সে বিষয়ে তদারক করতে বলেন। অহেতুক ও অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে কোথায় কতটুকু প্রয়োজন তা বুঝে প্রকল্প নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।
আজ বুধবার চার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন। জেলা প্রশাসকদের সঙ্গে আজ ১৮টি মন্ত্রণালয়ের বৈঠক হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন তাঁরা।