সেবা থেকে সম্পর্ক, অবশেষে বিষপান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাসেবা নিতে গিয়ে রাজশাহী ইএম সেন্টারের সেবিকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয় নওগাঁর শিবরামপুর উপজেলার এক তরুণের (২৫)। ২৮ মার্চ আশ্বাস পেয়ে ওই তরুণ বিয়ে করতে সেবিকার বাড়িতে গেলে ঘটে বিপত্তি। সেখানে আসার পর সেবিকা তাঁকে বিয়ে তো করেনইনি বরং অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এতে ওই তরুণ প্রচণ্ড অভিমানে সেবিকার বাড়ির সামনেই গতকাল মঙ্গলবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।ওই তরুণ শিবরামপুর উপজেলার ধামারহাট গ্রামের বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে জগদল আদিবাসী মাদ্রাসার সহকারী শিক্ষক ফেরদৌস আহমেদ চৌধুরী (২৫)। আর সেবিকার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।ফেরদৌস আহমেদ চৌধুরী দাবি করেন, চার বছর আগে পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য রাজশাহী ইএম সেন্টারে ভর্তি হন তিনি। সেখানে এক সেবিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়ি ফেরার পর প্রতিদিন মোবাইল ফোনে তাঁদের মধ্যে কথা হতো। ওই সেবিকাকে নানা উপহার সামগ্রী কিনে দিতে গিয়ে চার বছরে তাঁর প্রায় চার লাখ টাকা খরচ হয়।২৮ মার্চ ফেরদৌস ওই সেবিকার আশ্বাস পেয়ে বিয়ে করতে তাঁর গাংনীর বাড়িতে যান। কিন্তু সেখানে এলে ওই সেবিকা তাঁদের সম্পর্কের বিষয় অস্বীকার করে ফেরদৌসকে বাড়ি থেকে বের করে দেন। এতে রাগে ও অভিমানে তিনি গতকাল মঙ্গলবার ওই বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই সেবিকা দাবি করেন, সেবা দিতে গিয়ে ফেরদৌসের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তিনি ফেরদৌসকে বিয়ে করার আশ্বাস দেননি। তাঁকে বেড়াতে আসতে বলেছিলেন। ওই দিনই ফেরদৌস বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ফেরদৌস বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান । এ ঘটনায় তিনি দোষী নন। মেহেরপুর সদর হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান জানান, অতিরিক্ত বিষপান করায় ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক।