যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে কৃষকদের সেবা দেওয়ার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী কৃষি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কৃষকদের শুধু সেবা দিয়ে যান। বাকিটা বাংলাদেশের কৃষক ও মানুষ করবেন। তাঁরাই এ দেশকে এগিয়ে নেবেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘শিল্পায়নের কারণে জমি কমে যাচ্ছে। এ অবস্থা মেনে নিয়েই আমাদের কম সময়ের মধ্যে ফলন বাড়াতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল। এতে কৃষি সম্প্রসারণ দপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা বক্তব্য দেন।