প্রয়োজনীয় সব কাগজ থাকার পরও সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় এবং দালালদের দৌরাত্ম্যে হতাশা প্রকাশ করেছেন গ্রাহকেরা। পাশাপাশি রাজধানীতে চলাচলকারী বেসরকারি বাসের ভাড়ায় নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে আসা সাধারণ মানুষ এসব কথা জানান। শুনানিতে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যগুলোর সমাধান করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
শুনানিতে মীর হোসেন নামের এক গ্রাহক অভিযোগ করেন, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ডিআরসি) জন্য বারবার সময় দেওয়া হচ্ছে। কিন্তু তিনি সার্টিফিকেট পাচ্ছেন না।
নিজাম উদ্দীন নামের আরেক গ্রাহকের অভিযোগ, বিআরটিএ কার্যালয়ে তথ্য সহায়তা কেন্দ্র থাকলেও সেখান থেকে তথ্য পাওয়া যায় না। তথ্যের জন্য এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরতে হয়। আর এতে করে দালালদের খপ্পরে পড়ছেন তাঁরা।
বিআরটিএ ঢাকা বিভাগ আয়োজিত গণশুনানিতে গাড়ির নিবন্ধন, ডিজিটাল নম্বর প্লেট, মালিকানা পরিবর্তন, ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির অভিযোগ করা হয়।
আমিনুল হকসহ আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, রাজধানীতে আনফিট ও ‘লক্কড়ঝক্কড়’ বাস চলাচল করছে। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিআরটিএ এসব অভিযোগ আমলে নিচ্ছে না।
ডিআরসি সম্পর্কে বিআরটিএর চেয়ারম্যান বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ডিআরসি ছাপানো হয়। তৃতীয় পক্ষের বিলম্বের কারণে নির্ধারিত দিনে ডিআরসি দেওয়া যাচ্ছে না। তথ্যকেন্দ্র নিয়ে গ্রাহকদের অভিযোগের জবাবে তিনি তথ্যকেন্দ্র শক্তিশালী করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। রাজধানীর বাস সার্ভিস সম্পর্কে চেয়ারম্যান বলেন, প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যেসব গাড়ির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে, সেগুলোর রুট পারমিট বাতিল, মামলা দায়েরসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় বিআরটিএর পরিচালক নাজমুল আহসান মজুমদার, মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।