সেবা না পেলে জনগণ কর কেন দেবে: স্থানীয় সরকারমন্ত্রী
কাঙ্ক্ষিত সেবা না পেলে জনগণ কর দিতে উৎসাহী হয় না বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, সেবা না দিয়ে কর চাইলে জনগণ তো তা দেবে না। কর দিলে সেবা পাওয়া যাবে, জনগণকে এই বিষয়ে আশ্বস্ত করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করা গেলে সেবার মান বাড়বে।
রাজধানীতে বুধবার অনুষ্ঠিত এক কর্মশালায় স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের অধীনে অংশীজনদের সঙ্গে পরামর্শমূলক এই কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয় নিজেদেরই বাড়াতে হবে। সবকিছুতে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না। এসব প্রতিষ্ঠানের রাজস্ব আদায় ও ব্যয় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। তিনি বলেন, ‘সেবা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলেন। তারপর সেবা না দিয়ে, জনগণের পাশে না থেকে, কার্যালয়ে না এসে অন্য কাজকর্মে ব্যস্ত থাকলে তো অঙ্গীকার রক্ষা করতে পারবেন না।’
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বছরে এক দিন ‘স্থানীয় সরকার দিবস’ পালন করার কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিপরিষদের অনুমোদনের মাধ্যমে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএএলজি প্রকল্পের অধীনে গত দুই বছরে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ওপর বেশ কিছু গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কর্মশালায় গবেষণা থেকে পাওয়া সুপারিশ তুলে ধরা হয়। বিভিন্ন গবেষণা ও প্রকল্প থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে স্থানীয় সরকার বিভাগের অধীনে নলেজ অ্যান্ড ডকুমেন্টেশন ব্যবস্থাপনা ইউনিট চালু করা এর মধ্যে অন্যতম। উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত ১৭টি দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা, নারী উন্নয়ন ফোরামে এডিপির ৩ শতাংশের বরাদ্দ নিশ্চিত করা, উপজেলা পরিষদের কমিটিগুলোকে কার্যকর করা, কর আদায় প্রক্রিয়ার আধুনিকীকরণ অন্যতম। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ রয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহি এবং নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন বলেন, গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল এবং সুপারিশগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখবে।
মুক্ত আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে কমিটির সংখ্যা কমানো প্রয়োজন। এত কমিটির সভা আয়োজন, কার্যবিবরণী তৈরি করার মতো যথেষ্ট সক্ষমতা ও লোকবল প্রতিষ্ঠানগুলোর নেই। বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষেত্র সুনির্দিষ্ট করা প্রয়োজন।
বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, আইনে সরকারের ১৭টি বিভাগকে স্থানীয় পর্যায়ে উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিপত্রের মাধ্যমে কমিটি তৈরি করে এগুলোর সভাপতি ও আহ্বায়ক করেছে ইউএনওদের। অথচ আইন অনুযায়ী এই দায়িত্ব পাওয়ার কথা ছিল নির্বাচিত উপজেলা পরিষদের।
সুইজারল্যান্ড দূতাবাস, ডেনমার্ক দূতাবাস এবং ইউএনডিপির সহায়তায় দেশের ১৮টি উপজেলা এবং ২৫১টি ইউনিয়নে ইএএলজি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার বিশেষজ্ঞসহ অন্যান্য অংশীজন অংশ নেয়।