সেবা না পেয়ে ফিরছেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরাজীর্ণ ভবন, আসেন না চিকিৎসক। রোগীরা এসে ফিরে যান। এমন বেহালদশা খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের। ছবিটি ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তোলা l প্রথম আলো
জরাজীর্ণ ভবন, আসেন না চিকিৎসক। রোগীরা এসে ফিরে যান। এমন বেহালদশা খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের। ছবিটি ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তোলা l প্রথম আলো

ছয় কিলোমিটার দূর থেকে চার বছর বয়সী মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন তুঙ্গবী চাকমা (৩২)। কিন্তু এসে দেখলেন স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা। মেয়েকে চিকিৎসা না করিয়েই ফিরে যান তিনি। গত বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখা হয় তুঙ্গবী চাকমার সঙ্গে। স্বাস্থ্যকেন্দ্রটি তালাবন্ধ থাকায় তুঙ্গবীসহ অনেক রোগী সেবা না পেয়ে ফিরে যান। সপ্তাহের বেশির ভাগ দিনই বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তালা থাকে বলে রোগীদের অভিযোগ। চিকিৎসকসহ জনবল না থাকায় দূর-দূরান্ত থেকে এই কেন্দ্রে রোগী এসে ফিরে যান।

স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা নিতে আসা পারভীন আক্তার (২৬) বলেন, ‘ছেলে আল আমিনকে (২) চিকিৎসা করানোর জন্য এসেছিলাম। কিন্তু এসে দেখি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। এখন ১২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে।’

এ ছাড়া নাসিমা বেগম (৩৫), নূর জাহান (৩৮) মো. সোলায়মান (৫৫) ও মো. ফজলু মিয়া (৪৫) বলেন, প্রায় সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে। চিকিৎসা নিতে তাঁদের বাধ্য হয়ে ১২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

সরেজমিনে দেখা গেছে, তিন কক্ষের স্বাস্থ্যকেন্দ্র ভবনটি জীর্ণ হয়ে পড়েছে। ভবনের একটি কক্ষে ডাকঘর হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি কক্ষে পরিবার পরিকল্পনার সেবা কার্যক্রম চলে। অপর একটি মাত্র কক্ষে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলে বলে জানা গেছে।

ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) দায়িত্বে থাকার কথা। কিন্তু বর্তমানে একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও দুইজন কর্মচারী কর্মরত আছেন। উপসহকারী চিকিৎসা কর্মকর্তাও সব দিন স্বাস্থ্যকেন্দ্রে আসেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার (এমও) পদটি গত ২ মার্চ থেকে শূন্য রয়েছে। বর্তমানে একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) কর্মরত রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় উপসহকারী চিকিৎসা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে পাঁচ দিন চিকিৎসাসেবা দেন। আর মাত্র বাকি দুই দিন রোগী দেখেন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে।

এ ব্যাপারে প্রশ্ন করলে বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রমেশ চাকমা বলেন, ‘সপ্তাহে রবি ও বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা দেন তিনি। সপ্তাহের অন্য পাঁচ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়। বৃহস্পতিবার জেএসসি পরীক্ষাকেন্দ্র চিকিৎসক দলের দায়িত্ব থাকায় তিনি স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেননি বলে জানান। এ ছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে বসার মতো পরিবেশ নেই বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল আজম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় বাবুছড়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেন। কিন্তু অন্য দুজন কর্মচারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত থাকার কথা। কোনোভাবেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখা যাবে না। বিষয়টি তদন্ত করে অবশ্যই তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি খুবই জরাজীর্ণ। ভবনটি সংস্কারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।