সেবা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে গতকাল বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা দেয় এলাকাবাসী। পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে বিষ পান করা উপজেলার ইলামরেগাঁও গ্রামের রজিব উল্লার মেয়ে রুবেনা বেগমকে (২৫) নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক ছিলেন না। তাই তাঁরা রুবেনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর আরও কয়েকজন রোগী আসে। চিকিৎসক না থাকায় তারাও চলে যায়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী গতকাল বেলা তিনটার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে তালা দেয়। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।কাদিপুর গ্রামের ওয়াহাব আলী বলেন, ‘এখানে কখনোই চিকিৎসকেরা ঠিকমতো সেবা দেন না। আমাদের সব সময়ই মালি-ঝাড়ুদার-ওয়ার্ডবয়ের কাছ থেকে চিকিৎসাসেবা নিতে হয়।’ জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওয়াসিম ইবনে এম রব চৌধুরী বলেন, ‘আমাকে বের করে এলাকাবাসী তালা ঝুলিয়েছে।’ তবে সকালবেলা তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকার কথা স্বীকার করেন।খবর পেয়ে সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আজহার আলী। তিনি প্রথম আলোকে বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।