সেবা না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করল স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক সুলতানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এখানে আসার পর সেবার ব্যবস্থা না করায় দুর্ঘটনায় আহত এক রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে তাঁকে লাঞ্ছিত করেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে।এ ঘটনায় শুক্রবার রাতে স্বাস্থ্য কর্মকর্তা শেরপুর থানায় বারোদুয়ারিপাড়ার হারুন (৩৫), কোর্টপাড়ার জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার হারুনের শ্যালক জাহিদকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে মারধর, কর্তব্য পালনে বাধাদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়েছে। হারুন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে তাঁর শ্বশুর সারোয়ার হোসেন দুর্ঘটনায় আহত হন। তিনি তাঁকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। জরুরি বিভাগের সামনে এক ঘণ্টা অপেক্ষা করার পরও কেউ তাঁর শ্বশুরকে চিকিৎসা দেয়নি। বিষয়টি তিনি মুঠোফোনে জানালেও স্বাস্থ্য কর্মকর্তা ব্যবস্থা নেননি। উপরন্তু একাধিকবার মুঠোফোনে কথা বলায় বিরক্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তা তাঁর সঙ্গে অশালীন কথা বলেন। স্বাস্থ্য কর্মকর্তা ফারুক সুলতান জানান, তিনি হারুনের সঙ্গে কোনো অশালীন আচরণ করেননি।