সেবা নিয়ে অসন্তুষ্টিই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সরঞ্জাম নষ্ট থাকায় দুর্ভোগে পড়ছে রোগীরা। হাসপাতালের শৌচাগার থাকে অপরিচ্ছন্ন। সেবার মান বাড়লেও জনবল স্বল্পতার কারণে টিকিট কাউন্টারে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তবে কেউ কেউ বলেছেন, সেবার মান আগের চেয়ে বেড়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এবং সেবাগ্রহীতাদের নিয়ে গতকাল রোববার এই মতবিনিময় সভা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে হাসপাতালের হলরুমে এ সভা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য দেন চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মদ হোসেন ভুঁইয়া, চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সলিম উল্লাহ, চকরিয়া উপজেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি সন্তোষ কুমার সুশীল, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেন।
সভায় সেবাগ্রহীতা নাছির উদ্দিন বলেন, আগের তুলনায় সেবার মান বেড়েছে। কিন্তু অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে। শহিদুল্লাহ নামের একজন বলেন, হাসপাতালের আবাসিক ভবনে অনেক চিকিৎসক রোগী দেখেন। তখন যে আন্তরিকতা নিয়ে সেবা দেন, হাসাপাতালে সেভাবে দেন না। আবদুল মজিদ বলেন, এক্স-রে মেশিনসহ অনেক যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকায় রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম সেবাগ্রহীতাদের অভিযোগের জবাবে বলেন, সেবাগ্রহীরা অনেক সময় সন্তুষ্ট হয়ে নার্সদের ২০-৫০ টাকা দেন। কিন্তু বাইরে গিয়ে আবার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে। অকেজো যন্ত্রপাতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, হাসপাতালের আগের অবস্থা অনেক নাজুক ছিল। সার্বক্ষণিক নজরদারি করে হাসপাতালে সেবার মান বাড়ানো হয়েছে। যেসব অভিযোগ এসেছে, এগুলো শিগগরই সমাধান করা হবে।