সেবা নিশ্চিত করতে ফোন নম্বর দেয়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের নানা সমস্যার কথা জানতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্যতিক্রমী এক উদ্যোগ নেন। পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি নম্বর হাসপাতালের দেয়ালে লিখে দেওয়া হয়। রোগীরা বলছেন, তাঁরা এর সুফল পাচ্ছেন।শুরুতে হাসপাতালের দেয়ালে ‘রোগীদের যেকোনো সমস্যায় পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন’ এমন লেখাসংবলিত কিছু কাগজ সেঁটে দেওয়া হয়। কিছুদিন পরই কে বা কারা কাগজগুলো ছিঁড়ে ফেলে। এরপর কালি দিয়ে ওই নম্বরটি দেয়ালে লিখে দেওয়া হয়। রোগীদের সমস্যা সরাসরি জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী এ পদক্ষেপ নেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা আছে ৫৩০টি। এর বিপরীতে হাসপাতালে দ্বিগুণসংখ্যক রোগী ভর্তি থাকে। অথচ হাসপাতালের ওষুধসহ অন্যান্য সরকারি বরাদ্দ পাওয়া যায় ৫৩০ শয্যার অনুপাতে। প্রায় ৫০ জন চিকিৎসক ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীর ১৫০টি পদ শূন্য রয়েছে। এই অপ্রতুল সুযোগ-সুবিধার বিপরীতে বিপুল পরিমাণ রোগী নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বরাবরই হিমশিম খেতে হয়। এ জন্য চাহিদা অনুযায়ী সেবা না পাওয়া নিয়ে রোগীর স্বজনেরা বরাবরই অসন্তুষ্টি প্রকাশ করে থাকে। এ অবস্থা মোকাবিলার জন্য গত বছরের ২৯ ডিসেম্বর হাসপাতালে যোগদানের পর থেকেই পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী নিজের মুঠোফোনের নম্বরটি দেয়ালে লিখে দেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের যেকোনো সমস্যা যত রাতেই হোক, রোগীরা ফোন করে পরিচালককে জানাচ্ছেন। খবর পাওয়ামাত্র পরিচালক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।গত মে মাসে বাঘা উপজেলা থেকে জালাল উদ্দিন তাঁর ছেলে শিমুলকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। শিমুলের পিঠে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করাতে হবে। চিকিৎসক তাকে অস্ত্রোপচারের কক্ষে নিয়ে গিয়ে বলেন, অবেদনবিদ নেই। অস্ত্রোপচার হবে না। জালালকে ২০ দিন পর ছেলের অস্ত্রোপচারের জন্য আসতে বলা হয়। এ সময় জালালের এক স্বজন খবর পেয়ে পরিচালকের কাছে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে পরিচালক বিশেষ ব্যবস্থায় একজন অবেদনবিদ পাঠিয়ে দেন।গত এপ্রিলে নওগাঁর মান্দা থেকে দুর্ঘটনায় আহত চাচাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন আইয়ুব আলী। তিনি জানান, ট্রলিচালকেরা ওয়ার্ডে রোগী পৌঁছে দিয়ে বকশিশ দাবি করেন। বাধ্য হয়ে আইয়ুব আলী তাঁদের বকশিশ দিয়ে রোগী নিয়ে আসেন। পরের দিন সকালে তিনি দেখেন, দেয়ালে পরিচালকের নম্বর। তিনি ওই নম্বরে ফোন করেন। কিন্তু পরিচালক ফোন ধরেননি। আইয়ুব আলী বলেন, ‘কিছুক্ষণ পর পরিচালক নিজেই আমার নম্বরে ফোন করে সমস্যার কথা জানতে চান। তিনি আমাকে ট্রলিচালকের নাম জানতে বলেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’আশরাফুল আলম সিদ্দিকী জানান, দেয়ালে ফোন নম্বর লিখে দেওয়ার পর একটা বড় উপকার পেয়েছেন। হাসপাতালের কোথায় কী সমস্যা হচ্ছে, তা তিনি দ্রুত জানতে পারছেন। সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছেন।