মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়কেন্দ্রগুলো কক্সবাজারের নয়াপাড়া ও কুতুপালং এলাকা থেকে সুবিধাজনক কোনো জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পর সরকারি কর্মকর্তারা এ ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করার কথা বিবেচনা করছেন।
এদিকে ইউএনএইচসিআর বলেছে, এখন যে মৌলিক সেবাগুলো শরণার্থীদের দেওয়া হয়, সেগুলো নিশ্চিত করা হলে ইউএনএইচসিআর স্বাগত জানাবে। খবর বিবিসি বাংলার।
১৯৯২ সাল থেকে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী এসব শিবিরে বাস করছে। তাদের দেখাশোনা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির মুখপাত্র অঞ্চিতা শাদমান বিবিসিকে বলেন, ভয়ংকর অবস্থায় বসবাস করছে লোকজন। তাদের বাসস্থান অস্থায়ী। বেড়ার ঘর, প্লাস্টিকের ছাউনি। ঝড়বৃষ্টিতে প্রতিবছরই সেগুলো মেরামত করতে হয়। সরকার সম্প্রতি সেগুলো সেমি-পার্মানেন্ট করার অনুমোদন দিয়েছে। এখন তহবিল সংগ্রহের ওপর ব্যাপারটা নির্ভর করছে।
প্রতিটি ঘরে কয়জন বসবাস করছে জানতে চাইলে শাদমান বলেন, এটা নির্ভর করছে পরিবারের আকারের ওপর। গড়ে ছয়জন সদস্য হতে পারে। তাদের বিশুদ্ধ পানির কোনো সমস্যা নেই। শৌচাগার স্বাস্থ্যসম্মত। শরণার্থীদের কাজ করার অনুমতি নেই। প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয় ছেলেমেয়েদের। মৌলিক স্বাস্থ্যসেবাও তাদের দেওয়া হয়। সেবাগুলো ইউএনএইচসিআর দিয়েছে। খাদ্যসহায়তা দিচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আশ্রয়কেন্দ্রগুলো (ক্যাম্প) পরিচালনা করছে সরকার।