সেবা নিয়ে নানা অভিযোগ, জবাব দিলেন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি করাতে অতিরিক্ত টাকা দিতে হয়। এমনকি রোগী ও স্বজনদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সেবাগ্রহীতারা এ অভিযোগ করেন।
হাসপাতালের সম্মেলনকক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়। সভায় হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন ওয়ার্ডের রোগী, রোগীর স্বজন ছাড়াও চিকিৎসক, সনাক সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোগীরা এ সময় অভিযোগ করেন, তাঁদের অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি হতে হয়। নোংরা পরিবেশে মেঝেতে থাকতে হয়। তার ওপর দালালদের দৌরাত্ম্য তো আছেই। হাসপাতালে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাইরে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেয় অসাধু একটি চক্র। রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।
সেবাগ্রহীতাদের নানা অভিযোগের জবাবে হাসপাতালের পরিচালক স্বপন কুমার অধিকারী বলেন, সীমিত সম্পদ ও কম লোকবল থাকলেও তাঁরা সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর চাপ বেশি হওয়ার কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। যন্ত্রপাতি বিকল থাকায় এখানে অনেক পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হচ্ছে না। যন্ত্রপাতি মেরামত করার জন্য মন্ত্রণালয়ে প্রতি মাসেই চিঠি দেওয়া হয়েছে।
সনাকের সভাপতি আলী আকবর মাসুম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের সহকারী পরিচালক মো. ফরিদুল আলম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফ মাহমুদ প্রমুখ।