সেবা পরিদপ্তরের পরিচালকের অপসারণ চেয়ে নার্সদের মিছিল
সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমের অপসারণ ও নার্সনেতা শাজাহান হাওলাদারের দুর্নীতির বিরুদ্ধে নার্সরা গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তিন শতাধিক নারী-পুরুষ নার্স কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। নার্সেস ঐক্য পরিষদের ব্যানারে তাঁরা সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগম ও নার্সনেতা শাজাহান হাওলাদারের বিরুদ্ধে সমাবেশ করেন এবং শেষে একটি মিছিল বের করেন। পরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে তাঁরা মিছিল নিয়ে তেজগাঁওয়ের কার্যালয়ের দিকে রওনা দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে নার্সদের চারজন প্রতিনিধি পুলিশের গাড়িতে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান এবং স্মারকলিপি জমা দেন। নার্সেস ঐক্য পরিষদের সভাপতি সাবিনা শারমীন ও সাধারণ সম্পাদক মাহমুদা পারভীনের সই করা স্মারকলিপিতে বলা হয়, সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগম আট-নয় মাসে প্রায় ৬০০ নার্সকে হয়রানিমূলক বদিল করেন। তাতে আরও উল্লেখ করা হয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নার্সনেতা (সাময়িক বরখাস্ত) শাজাহান হাওলাদার হয়রানিমূলক বদলির আতঙ্ক তৈরি করে নার্সদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন।