চট্টগ্রামে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং নগর সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
‘নগর শাসন ব্যবস্থায় চট্টগ্রাম: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ বৈঠকে চট্টগ্রামকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে সুশাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবায়দুল করিম ও শওকতুল মেহের, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ ও সাবেক পরিচালক মইনুল ইসলাম মাহমুদ। এ ছাড়া নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান আলোচনায় অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের রিসার্চ ফেলো শহীদুল ইসলাম।