সেবা প্রদানে সিটি করপোরেশন ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গ্যাসের সংকটসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নাগরিক আন্দোলন।গতকাল রোববার নগরের প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা নাগরিক সমস্যা নিরসনে সিটি করপোরেশন ব্যর্থ বলে অভিযোগ করেন।সংগঠনটির আহ্বায়ক নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম বলেন, নগরের সেবার মান না বাড়িয়ে সিটি করপোরেশন গৃহকর বাড়াচ্ছে। এতে করে সাধারণ নাগরিকের ওপরও করের বোঝা বাড়ছে।সংবাদ সম্মেলনে বলা হয়, নগরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। খাল ও নালা সংস্কার না করার কারণে এই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নগরের যানজট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলেও তা নিরসনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। সংবাদ সম্মেলনে নাগরিক আন্দোলনের নেতারা অবিলম্বে চট্টগ্রাম নগরের গ্যাস-সংকট নিরসন এবং কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেডের (কেজিএসএল) ব্যবস্থাপনা পরিচালককে অযোগ্য উল্লেখ করে তাঁর অপসারণ দাবি করেন।